রাজনীতি প্রতিবেদন: মুম্বই
ইনি বিনোদ কাম্বলি। বয়স মাত্র ৫৪ বছর।
শচীন তেন্ডুলকরের স্কুলবেলার বন্ধু, ব্যাটিং বিশ্বরেকর্ড পার্টনার। বিশেষজ্ঞরা বলতেন, বিনোদের স্ট্রোক ভ্যারাইটি শচীনের চেয়েও বেটার। মাত্র ১৭টি টেস্ট খেলেছেন, তাতেও ৪টে সেঞ্চুরি, তার মধ্যে দুটো ডাবল সেঞ্চুরি যা পরপর দুটি টেস্টে করা এবং সেই রেকর্ড আজও আর কারো নেই। টেস্টে ১০০০ রান করেছিলেন মাত্র ১৪ ইনিংসে। নিজের জন্মদিনে ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এককথায় ব্যাটার কাম্বলিকে ভয় পেত না, এমন বোলার খুব কম ছিল।
এত প্রতিভা থাকা সত্ত্বেও ১৯৯৬ বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়ে অনিয়মিত হয়ে যান এবং শেষবার দেশের হয়ে খেলেন ২০০০ সালে, যখন তাঁর বয়স মাত্র ২৮ বছর।
বর্তমানে কোথায় আছেন কাম্বলি?
গত ২৫ সেপ্টেম্বর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি মুম্বইয়ের থানে অবস্থিত "নিদান সেন্টার ফর এলডারলি কেয়ার" নামক বৃদ্ধাশ্রমে বসে রেকর্ড করা।
ভিডিওতে দেখা যাচ্ছে, মাল্টিপল নিউরোলজিক্যাল ডিজঅর্ডারে ভোগা বিনোদ কথা বলেন অনেক কষ্ট করে। তিনি বলছেন, "আমি বিনোদ কাম্বলি। আমি নিদানে আছি। এখানকার সুবিধা খুব ভালো, একদম বাড়ির মতো আছি।"
যে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল, সেখান থেকেই তাঁকে এই বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে একজন সম্মানীয় অতিথি হিসেবে, কারণ তিনি একজন ভেটেরান স্পোর্টস হিরো।
কেন পারলেন না কাম্বলি?
যেখানে তাঁর অভিন্নহৃদয় বন্ধু ক্রিকেটের ঈশ্বর হয়ে গেলেন, সেখানে তিনি কেন বিস্মৃত নায়ক হয়ে সহানুভূতি আর সমালোচনা কুড়োলেন আজীবন?
এই প্রশ্নটা আমাদের সবার নিজেদের করা উচিত - "কেন পারলাম না?"
এই আত্মবিশ্লেষণ করতে গেলে সবচেয়ে সহজ যে ফর্মুলা মনে পড়ে সেটা চিরশাশ্বত। আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে আরও তিনটে "D" অবশ্যম্ভাবী -
১. Dedication (নিষ্ঠা)
২. Determination (সংকল্প)
৩. Discipline (শৃঙ্খলা)
এর বাইরে কেউ কোনোদিন কোনো ফিল্ডে সাফল্য পায়নি। যাঁরা তথাকথিত অনায়াস সাফল্য পেয়েছেন, তাঁদের সেটা স্থায়ী হয়নি।
এটা একটা লেসন উঠতি প্রজন্মের কাছে। প্রাথমিক সাফল্য যেন আমাদের মাথা না ঘুরিয়ে দেয়। আমরা যেন ফোকাস নষ্ট করে না ফেলি। আমরা যেন ভুলে না যাই যে সফল হওয়ার চেয়ে সাফল্য ধরে রাখা কয়েক হাজার গুণ কঠিন।
শেষ কথা: মেনে চললে শচীন, নয়তো কাম্বলি.....
সুখেন ঘোষ - প্রতিনিধি , আজকের রাজনীতি

