কল্যাণী, ১৩ অক্টোবর: বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একের পর এক থানায় অভিযোগ দায়েরের ঘটনায় এবার মুখ খুলল বাম শিবির। সিপিআই নেতা সৈকত গিরির বিস্ফোরক মন্তব্য, "বিকাশরঞ্জন ভট্টাচার্য্যকে আইনের ভয় দেখানো আর MS ধোনিকে ছয় মারা শেখানো একই বিষয়।" তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।
ঘটনার সূত্রপাত যাদবপুরে
গত বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা নাগাদ যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, মুখ ঢাকা অবস্থায় এক দুষ্কৃতী মোটরবাইকে করে এসে মদের বোতল ছুড়ে জানলার কাচ ভেঙে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে পালিয়ে যায়। এই ঘটনার পরই ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। তিনি লেখেন, "সকাল ৫টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে।" আর এই 'হিন্দুত্ববাদী গুন্ডা' শব্দবন্ধ ব্যবহার করেই শুরু হয় নয়া বিতর্ক।
মুখ্যমন্ত্রীর আল্টিমেটাম ও পাল্টা জবাব
এই পোস্টের পরই কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বিকাশরঞ্জনবাবুকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই শব্দ প্রত্যাহারের নির্দেশ দেন। কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন বিকাশরঞ্জন। তাঁর সাফ জবাব, "আমি কেন ডিলিট করব? হিন্দুত্ববাদ প্রকৃতপক্ষে একধরনের গুন্ডামির তত্ত্ব।"
একের পর এক FIR
এরপরই আইনি জটিলতা বাড়ে। প্রথমে কলকাতার গড়ফা ও কসবা থানায়, এরপর রবিবার বোলপুর থানায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সৌরীশ মুখোপাধ্যায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁকে ১৩ ও ১৪ অক্টোবর হাজিরার নোটিশও পাঠিয়েছে।
এই প্রসঙ্গে বিকাশরঞ্জনবাবুর জবাব, "একশোটা থানায় অভিযোগ হোক। তারপর যাব। ওরা সেঞ্চুরি করুক, তারপর আমি বাউন্সার দেব।"
বাম শিবিরের পাল্টা
এই পরিস্থিতিতেই বাম শিবির থেকে প্রতিবাদের সুর চড়া হচ্ছে। সিপিআই নেতা সৈকত গিরি বলেন, যিনি দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে আইন পেশায় রয়েছেন, কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দাপুটে আইনজীবী, তাঁকে আইনের ভয় দেখানো যে কতটা হাস্যকর, সেটাই ক্রিকেটের উদাহরণ টেনে বোঝাতে চেয়েছেন তিনি।
এখন দেখার, বিকাশরঞ্জন ভট্টাচার্য থানায় হাজিরা দেন কি না, নাকি আইনি পথেই এই লড়াই নতুন মোড় নেয়।
-- আজকের রাজনীতি | সুখেন ঘোষ | কল্যাণী ডেস্ক

