দ্বিতীয়া শেষ, সামনে পুজো। কিন্তু পুজোর আগেই বনগাঁর যশোর রোডের একটা বইয়ের স্টলকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হলো, তা এখন হাইকোর্ট পর্যন্ত গড়ালো।
বনগাঁ এবং নৈহাটিতে দীর্ঘ ৩০ বছর ধরে সিপিএম দুর্গাপুজোর সময় বুকস্টল করে আসছে। এবার পুলিশ সেই স্টলের অনুমতি দেয়নি। সিপিএমের অভিযোগ, তাদের বাঁশ-কাঠ ফেলে রাখা জায়গা হিন্দু জাগরণ মঞ্চ দখল করে নিয়েছে, প্রতিবাদ করায় মারধর করা হয়েছে। রাজপুর-সোনারপুরেও একই ঘটনা।
এর আগেই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন, যারা 'দুর্গাপুজো' না লিখে 'শারদোৎসব' লেখে, তাদের পুজোয় স্টল করতে দেবেন না। তারপর থেকেই বিভিন্ন পুজো কমিটিকে চাপ দেওয়ার অভিযোগ উঠছে।
এই অবস্থায় সিপিএম হাইকোর্টে মামলা করে দ্রুত শুনানির আবেদন জানায়। আর সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য - "দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন।"
একজন বিচারপতি কি এভাবে বলতে পারেন? এটাই এখন বড় প্রশ্ন।
আদালতের কাজ হল আইনের ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া। পুলিশ কেন অনুমতি দিল না, তার সুনির্দিষ্ট আইন-শৃঙ্খলার কারণ আছে কিনা, সেটা দেখা। পুজোর ক্যালেন্ডার পিছিয়ে দেওয়া আদালতের কাজ নয়। সংবিধান কি বলে যে একটি রাজনৈতিক দলের বই বিক্রির অধিকার দুর্গাপুজোয় থাকবে না, কিন্তু কালীপুজোয় থাকবে?
আমরা বিচার ব্যবস্থাকে পূর্ণ সম্মান করি। কিন্তু বিচারপতির আসন থেকে যখন এমন মন্তব্য আসে যা রাজনৈতিক পরামর্শের মতো শোনায়, তখন সাধারণ মানুষের মনে দ্বিধা তৈরি হয়। আজ সিপিএমকে কালীপুজোয় যেতে বলা হলো, কাল অন্য কোনও সংগঠনকে বলা হবে বড়দিনে করুন - তাহলে গণতান্ত্রিক অধিকারের কী হবে?
আসলে ভয়টা বইকে। একটি বুকস্টল কারও উৎসবের আনন্দ কেড়ে নেয় না। বরং পুজোর মাঠে বই, তর্ক, আড্ডা - এটাই তো বাংলার ঐতিহ্য। যে দল মানুষকে বই পড়তে বলে, প্রশ্ন করতে শেখায়, তাকে আটকাতে পারলে কাদের লাভ?
আদালতের কাছে প্রত্যাশা ছিল, পুলিশকে জবাবদিহি করা হবে। কেন অনুমতি বাতিল হলো, তার কারণ দেখাতে বলা হবে। তা না করে "পরে করুন" বলে মামলা এড়িয়ে যাওয়া কোনও সমাধান নয়। পুজোর পর ওই মামলার কোনও গুরুত্বই থাকে না, সেটা আদালতও জানে।
বাংলার পুজো সবার। সেখানে ঢাক থাকবে, আলো থাকবে, আর বইয়ের স্টলও থাকবে। একটাকে সরিয়ে অন্যটাকে আনার চেষ্টা হলে ক্ষতি বাংলার সংস্কৃতিরই।

