নিজস্ব প্রতিনিধি, কল্যাণী, ৫ নভেম্বর:
সুখেন ঘোষ, আজকের রাজনীতি
রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূল স্তরে যে দলবদলের হাওয়া বইতে শুরু করেছে, তারই বড় প্রতিফলন দেখা গেল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকে। বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট ১০ জন নির্বাচিত সদস্য তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে এক সাংগঠনিক অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়। তবে এই যোগদান কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়নি, বরং এই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে মোট নির্বাচিত সদস্য সংখ্যা ১৬। দীর্ঘদিন ধরেই এই পঞ্চায়েতটি তৃণমূলের দখলে ছিল। সম্প্রতি পঞ্চায়েতের কাজকর্ম এবং নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ১০ জন সদস্য দল ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সহ-সভাপতি দীপক সরকারের নেতৃত্বে একটি অনুষ্ঠানে তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেওয়া হয়। যোগদানকারীদের দাবি, তাঁরা বিজেপির উন্নয়নমূলক নীতি এবং নতুন সরকারের কাজে আকৃষ্ট হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু ঘটনার মোড় ঘোরে এর পরেই। প্রত্যক্ষদর্শীদের মতে, যোগদান পর্ব যখন চলছে, ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন বাদুড়িয়া ৫ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সৌমেন গায়েন এবং তাঁর অনুগামীরা। তাঁরা ওই অনুষ্ঠানে বাধা দেন এবং যোগদানে আপত্তি জানান।
তাঁদের অভিযোগ অত্যন্ত গুরুতর। মণ্ডল সভাপতির বক্তব্য, যাঁদের দলে নেওয়া হচ্ছে, তাঁদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময়ে নানা ধরনের অভিযোগ রয়েছে এবং তাঁরা এলাকায় ‘হার্মাদ’ হিসেবে পরিচিত। এই ধরনের ব্যক্তিদের দলে নিলে দলের পুরনো এবং লড়াকু কর্মীদের মনোবল ভেঙে যাবে এবং সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হবে। তিনি আরও অভিযোগ করেন, যিনি এই যোগদান করাচ্ছেন, সেই দীপক সরকার নিজেই প্রকৃতপক্ষে বিজেপির কেউ নন, তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এবং নিজের প্রভাব বাড়ানোর জন্য এই ধরনের কাজ করছেন।
এই বক্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি পর্যন্ত হয় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে স্থানীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
এই ঘটনায় বিজেপির সাংগঠনিক দুর্বলতাও সামনে এসেছে। কারণ, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সরকার গঠনের পরেই স্পষ্ট বার্তা দিয়েছিলেন, তৃণমূল থেকে আসা কোনও দাগি বা বিতর্কিত ব্যক্তিকে বা যাঁদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে, এমন ‘বেনোজল’কে দলে নেওয়া হবে না। দলকে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলেছিলেন তিনি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জেলায় জেলায় পঞ্চায়েত এবং পুরসভা স্তরে এই ধরনের যোগদান লেগেই রয়েছে। ফলে রাজ্য নেতৃত্বের বার্তা নিচুতলায় কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য, যাঁরা গিয়েছেন, তাঁরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, তাই তাঁদের চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনে কলকাতা, হাওড়া সহ রাজ্যের একাধিক পুরসভা এবং বেশ কিছু পঞ্চায়েত আসনে উপনির্বাচন রয়েছে। তার আগে বিজেপি যেমন সংগঠনকে শক্তিশালী করতে মরিয়া, তেমনই তৃণমূলও ঘর গোছাতে ব্যস্ত। এই অবস্থায় পঞ্চায়েত স্তরের এই দলবদলগুলি ভবিষ্যৎ নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। তবে বিজেপির ভিতরের এই গোষ্ঠীকোন্দল যদি এখনই না মেটানো যায়, তাহলে নতুন যোগদানকারীদের নিয়ে দলের লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, জেলা নেতৃত্ব এই বিরোধ মেটাতে কী পদক্ষেপ করে।

