প্রতিনিধি, সুখেন ঘোষ, কল্যাণী ডেস্ক, আজকের রাজনীতি ডট ইন:
রাজ্য রাজনীতিতে ক্রমশ পারদ চড়ছে। দীর্ঘ রাজনৈতিক পালাবদলে রাজ্যে বিজেপি জয়ী হয়ে বর্তমানে ক্ষমতায় আসায় রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। একসময় রাজ্য রাজনীতিতে মূল লড়াই বা বাইনারি বলতে শুধু ‘তৃণমূল বনাম বিজেপি’-কেই বোঝানো হতো। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই চিত্র আর নেই। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে বড় ধরনের ভাঙন ও বিভাজন দেখা দেওয়ার পর রাজনৈতিক ময়দানের চালচিত্র সম্পূর্ণ পাল্টে গিয়েছে। বর্তমান বিধানসভায় বিজেপি যেমন একদিকে সরকার পরিচালনা করছে, অন্যদিকে তৃণমূল দলগতভাবে বিভক্ত হয়ে পড়ার ফলে রাজনীতির সমীকরণও নতুন রূপ নিয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে ঋতব্রতপন্থী অংশটি লিখিতভাবে এবং মাঠে ময়দানে বিরোধী পরিসরে অবস্থান করলেও, সাধারণ মানুষের অধিকার ও জনস্বার্থের দাবিতে রাজপথে ও বিধানসভায় আসল বিরোধী দলের জোরালো ভূমিকা পালন করছে সিপিআইএম তথা বামেরাই।
নন্দীগ্রাম ও রেজিনগরের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণ:
আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রাম এবং রেজিনগরের মতো হাইপ্রোফাইল রাজনৈতিক এলাকায় বামেদের হঠাৎ চাঙ্গা হওয়া এবং তাদের ব্যাপক জনসংযোগ রাজ্যজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নন্দীগ্রামে লড়াই আর ত্রিমুখী নেই। সেখানে নন্দীগ্রামে মূলত সরাসরি এবং কঠিন লড়াই এখন চলছে বামফ্রন্ট বনাম বিজেপির মধ্যে। এখানে বামফ্রন্টের পক্ষ থেকে অত্যন্ত জোরালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি। অন্যদিকে, রেজিনগর বিধানসভা উপনির্বাচনের সমীকরণ সম্পূর্ণ আলাদা। সেখানে বহুমুখী লড়াইয়ের আবহে মূল লড়াইয়ে রয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস। রেজিনগরে বামেদের প্রার্থী হয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা স্থানীয় এরিয়া কমিটির সম্পাদক সাঈদ (সঈদ আসাদ আলি)। তাঁর স্বচ্ছ ভাবমূর্তি, আইনি ব্যাকগ্রাউন্ড এবং দীর্ঘদিনের বাম রাজনীতির সুদীর্ঘ অভিজ্ঞতা থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
হুমায়ুন কবিরের দল ও নেপথ্যের রহস্য:
রেজিনগরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে হুমায়ুন কবিরের নতুন দল AJUP (আজেউপি)। সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, এই নতুন দল কি আদৌ লড়াইয়ে রয়েছে? বিশেষ করে, হুমায়ুন কবির নিজে এই নির্বাচনে প্রার্থী হননি এবং প্রচারের ময়দান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। এমনকি তাঁর ছেলেও প্রচারে নেই। অথচ দল হিসেবে তাঁদের প্রার্থী বা নাম রয়ে গেছে। রাজনৈতিক মহলে তীব্র প্রশ্ন উঠছে, কেন হুমায়ুন কবির রেজিনগর ছাড়লেন? তিনি তো রেজিনগর থেকেও বিধায়ক হতে পারতেন, তবে কেন তিনি নওদা থেকেই এমএলএ হলেন? এই সরে দাঁড়ানোর পেছনে কি তবে বিজেপিকে কোনো বিশেষ সুবিধা করে দেওয়ার বা পর্দার আড়ালে আলাদা কোনো মেরুকরণের অদৃশ্য অঙ্ক কাজ করছে? এই প্রশ্নগুলোই এখন রেজিনগরের সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে।
বামেদের আন্দোলন ও প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠার সম্ভাবনা:
রাজ্যে বিজেপি সরকার পরিচালনা করার পর থেকে সাধারণ মানুষের বিভিন্ন অধিকার, জীবিকা ও জনস্বার্থের দাবিতে একের পর এক রাজপথের আন্দোলনে সোচ্চার হয়েছে একমাত্র বামেরাই। শাসকদল ও বর্তমান ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের আস্থা ও ভরসা যে ফের বামেদের দিকেই বাড়ছে, তা স্পষ্ট। যদিও বিভিন্ন এলাকায় বামেদের এরিয়া কমিটির পার্টি অফিস এবং দলীয় দপ্তরগুলোতে একের পর এক হামলার ঘটনা ঘটছে, তবুও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও লাল পতাকার নিচে জমায়েত রোখা যায়নি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নন্দীগ্রাম বা রেজিনগরের এই উপনির্বাচনে বামেরা যদি জয়ীও নাও হয়, তবুও যদি তারা শক্ত হাতে লড়াই চালিয়ে শক্তিশালী রানার্সআপ বা দ্বিতীয় পজিশন দখল করে নিতে পারে, তবে তা বাংলার রাজনীতিতে একটা বিরাট টার্নিং পয়েন্ট হবে। এর মাধ্যমেই আগামী দিনে রাজ্যে মূল বিরোধী শক্তি হিসেবে বামেদের ঘুরে দাঁড়ানোর এবং প্রবলভাবে পজিশন দখলের সম্ভাবনা একশো শতাংশ তৈরি হয়ে যাবে। কারণ বর্তমান পরিস্থিতিতে শাসকদল ও অন্যান্য শিবিরের ভিড়ে মানুষ এখন একমাত্র বামেদেরই সত্যিকারের ও নির্ভরযোগ্য বিরোধী শক্তি হিসেবে দেখতে শুরু করেছে।
বামেদের এই নতুন মাত্রার আগ্রাসী প্রচার এবং সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া দেখে প্রতিপক্ষ শিবিরগুলো কতটা কোণঠাসা হয়ে পড়ে, সেটাই এখন দেখার। এই ধরনের সমস্ত রাজনৈতিক খবরের পুঙ্খানুপুঙ্খ এবং নির্মোহ বিশ্লেষণের জন্য চোখ রাখুন আজকের রাজনীতি ডট ইন-এ।

