আজকের রাজনীতি | সুখেন ঘোষ | কল্যাণী ডেস্ক
৮ তারিখ, কল্যাণী
১০ অক্টোবর দিল্লিতে কী হতে চলেছে? প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার ভিতরে সেদিনের গোপন বৈঠকের পর যে বিস্ফোরক ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (CJP), তাতে কপালে ভাঁজ পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। দিল্লির জন্তর মন্তরে মহা-জমায়েতের ডাক, আর তার ঠিক আগেই পুলিশের পোশাকে মহিলাদের ওপর হামলার অভিযোগ — সব মিলিয়ে এই আন্দোলন এখন আর শুধু ভোটার তালিকার বিতর্কে আটকে নেই, হয়ে উঠেছে ২০২৬-এর সবচেয়ে বড় রাজনৈতিক সাসপেন্স।
তথ্য ঘাঁটলে দেখা যাচ্ছে, গল্পের শুরু ২ অক্টোবর। গান্ধী জয়ন্তীর দিন মুম্বইয়ের শিবাজি পার্ক এবং দিল্লির জন্তর মন্তরে একই সঙ্গে পথে নামে CJP। তাদের দাবি একটাই — নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় গণহারে ভোটারের নাম বাদ যাচ্ছে, এর দায় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সমাজমাধ্যমে লেখেন, "জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে গোটা দেশের আরশোলা বাহিনী মিছিল করে দিল্লি যাবে।"
সেই ডাকেই এবার মহাবিপদ দেখছে বিজেপি। কারণ, দীপকের পরবর্তী ঘোষণা আরও মারাত্মক — "১০ অক্টোবর যন্তর মন্তরে গোটা দেশ আসবে" এবং পুলিশ আটকালেও থামবে না আন্দোলন। দীপকের ভাষায়, "If Gyanesh Kumar doesn't resign, cockroaches from across India will march to Delhi and protest at Jantar Mantar on October 10"। এমনকি তিনি হুঁশিয়ারি দেন, "And if the Delhi Police tries to stop us, wherever they stop us will become our Jantar Mantar"।
এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর মোড় হল গ্রেফতারির আশঙ্কা। CJP মুখপাত্র সৌরভ দাস গভীর রাতে সোশাল মিডিয়ায় দাবি করেছেন, ১০ অক্টোবরের আগেই তাঁকে, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং রত্নার মতো শীর্ষ নেতাদের গ্রেফতার করার ছক কষছে সরকার। তাঁর কথায়, "আমাদের জেলে যেতে বা তার চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে আমরা সবসময় প্রস্তুত।" পাল্টা অভিজিৎ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে লেখেন, "কতজনকে গ্রেফতার করবেন অমিত শাহ? আগামী ১০ অক্টোবর সারা দেশ রাস্তায় নেমে আসছে।"
কিন্তু বিজেপির জন্য বিপদ এখানেই শেষ নয়। সবচেয়ে বড় ধাক্কা এসেছে পুলিশের ভূমিকা নিয়ে। ২ অক্টোবরের জন্তর মন্তরের বিক্ষোভে দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রেস কার্ড দেখানোর পরেও সাংবাদিকদের ওপর পুলিশ হিংস্র আচরণ করেছে।
এর মধ্যেই সামনে আসে পুলিশের পোশাকে মহিলাদের ওপর হামলার অভিযোগ। CJP-র অভিযোগ, বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের অফিসার বিবেক ভগত এক মহিলা সাংবাদিককে অশালীনভাবে স্পর্শ করেন। অবিলম্বে বরখাস্ত ও এফআইআর-এর দাবি তোলে CJP। অভিযোগ, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করেছে।
আর এই অভিযোগের পরেই বিতর্ক চরমে ওঠে যখন দেখা যায়, অভিযুক্ত অফিসারকেই পদোন্নতি দিয়ে অ্যাডিশনাল ডিসিপি করা হচ্ছে। মোট ১২ জন আধিকারিকের তালিকায় নাম ছিল ভগতের। CJP প্রশ্ন তোলে, "শ্লীলতাহানির অভিযোগের পুরস্কার হিসেবে পদোন্নতি?" তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজের পদোন্নতি স্থগিত রাখার আর্জি জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি লেখেন ভগত নিজেই।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই একটি ঘটনাই বিজেপির জন্য বুমেরাং হয়ে ফিরেছে। কারণ, CJP এখন আর একা নেই। সবাই সাপোর্ট করছে ককরোচদের। দিল্লিতে ৫০০-র বেশি বিক্ষোভকারীকে আটক করা হলেও, তার মধ্যে ছিলেন আপ নেতা অতিশি, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং, সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবি ও বৃন্দা কারাতের মতো নেতারাও। মুম্বইয়ে শাবানা আজমির মতো ব্যক্তিত্বও মঞ্চে যোগ দেন।
দিল্লি পুলিশ যেভাবে ২ অক্টোবর জনপথ, পটেল চক, রাজীব চক সহ একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে, ইন্টারনেট কেটে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে, তাতে আন্দোলন আরও ছড়িয়েছে। CJP-র দাবি, এটা গণতন্ত্রের কণ্ঠরোধ। আর বিজেপি শিবিরের আশঙ্কা, SIR ইস্যুতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ককে হাতিয়ার করে CJP যে জনসমর্থন টানছে, তা যদি ১০ অক্টোবর দিল্লিতে লাখো মানুষের জমায়েতে পরিণত হয়, তবে তার ধাক্কা সরাসরি গিয়ে পড়বে ২০২৬-এর বিধানসভা ভোটগুলোতে।
প্রেস ক্লাবে গোপন বৈঠকের পর CJP-র শেষ ঘোষণা — "Ours will be a peaceful protest" — বললেও, সরকারের প্রস্তুতি যুদ্ধকালীন। এখন দেখার, ১০ অক্টোবর জন্তর মন্তর কি সত্যিই দেশের নতুন রাজনৈতিক মঞ্চ হয়ে ওঠে, নাকি তার আগেই গ্রেফতারির খাঁড়া নেমে আসে ককরোচ নেতাদের ওপর। সাসপেন্স তুঙ্গে।

