আজকের রাজনীতি | প্রতিবেদন: সুখেন ঘোষ, কল্যাণী
২০ অক্টোবর, ২০২৬ : নদীয়ার শিক্ষা শহর হিসেবে পরিচিত কল্যাণীতে এবার এক নতুন অধ্যায়ের সূচনা হল। কল্যাণী শহরের প্রাণকেন্দ্র আইটিআই মোড়ে প্রথমবারের মতো বসল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) বিশেষ গ্রন্থ বিপণন কেন্দ্র বা বুক স্টল। সোমবার সন্ধ্যা থেকেই এই স্টলকে ঘিরে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এবং বইপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা গেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই কল্যাণীতে এমন একটি বুক স্টল করার পরিকল্পনা ছিল সংঘের। কিন্তু নানা সামাজিক ও রাজনৈতিক প্রতিকূলতার কারণে তা বাস্তবায়িত করা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে চলতি বছরে সমস্ত বাধা কাটিয়ে এই উদ্যোগ সফলভাবে রূপায়ণ করা সম্ভব হয়েছে।
কেন এই উদ্যোগ? কী বলছেন প্রচারক?
এই বিষয়ে আজকের রাজনীতির ক্যামেরার মুখোমুখি হয়ে সংঘের প্রচারক সুব্রত বিশ্বাস বলেন, "সঙ্ঘের পক্ষ থেকে এর আগেও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে তা করা যায়নি। এবার আমরা সফলভাবে এই স্টল করতে পেরেছি।"
তিনি আরও বলেন, "আমাদের মূল উদ্দেশ্য হল সনাতন সংস্কৃতি, হিন্দুত্ব এবং জাতীয়তাবাদের মূল ভাবধারা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমরা চাই মানুষ সঠিক ইতিহাস জানুক। দেশপ্রেমের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক। সেই কারণেই এই পুস্তক বিপণন কেন্দ্র।"
স্টলে কোন কোন বই পাওয়া যাচ্ছে?
আইটিআই মোড়ের এই স্টলে শুধু ধর্মীয় বা রাজনৈতিক বই নয়, বরং সমাজ এবং ব্যক্তি গঠনের সহায়ক বহু মননশীল গ্রন্থ রাখা হয়েছে বলে জানিয়েছে সংঘ।
এই স্টলে যে বইগুলি বিশেষভাবে প্রদর্শিত হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল —
১. স্বামীজির হিন্দুচিন্তা
২. হিন্দু রাষ্ট্রচিন্তার লক্ষ্য এবং কাজ
৩. নারীমুক্তি আন্দোলন
৪. দ্বিজেন্দ্রলালের বুদ্ধি ও কাণ্ডজ্ঞান
৫. আমি সাধারণ স্বয়ংসেবক (শ্রী গুরুজী রচিত)
৬. তরুণের স্বপ্ন – নেতাজি সুভাষচন্দ্র বসু
৭. ভারতমাতা: ভারত প্রসঙ্গ - অখণ্ড ভারত
৮. বিবেকানন্দ-গৌরব নেতাজি সুভাষ
৯. হিন্দু কালচেতনা পদ্ধতি
এছাড়াও স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহর্ষি অরবিন্দ সহ বিভিন্ন মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীদের লেখা বহু বই এই স্টলে রয়েছে।
ব্যক্তি নির্মাণ থেকে রাষ্ট্র গঠনই মূল লক্ষ্য
সংঘের আদর্শ সম্পর্কে বলতে গিয়ে প্রচারক সুব্রত বিশ্বাস বলেন, "আমাদের বইগুলোতে মূলত মানবীয় গুণাবলী বিকাশের ওপর জোর দেওয়া হয়। আমাদের ভাবনা খুব পরিষ্কার — প্রথমে একজন মানুষের ব্যক্তিগত উন্নয়ন প্রয়োজন। ব্যক্তি থেকে পরিবার গঠিত হয়, পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে।"
তিনি জানান, শারীরিক শিক্ষা, বুদ্ধির বিকাশ এবং আদর্শ নাগরিক তৈরির মাধ্যমেই সমাজ পরিবর্তনই তাদের মূল লক্ষ্য।
বই ভাঙচুর বিতর্ক নিয়ে অবস্থান স্পষ্ট
সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বই স্টল ভাঙচুরের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, "রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং বৃহৎ সামাজিক সংগঠন। এই ধরনের রাজনৈতিক বা অনৈতিক ভাঙচুরের ঘটনার সঙ্গে সংঘের কোনও সম্পর্ক নেই। আমাদের সম্পূর্ণ ফোকাস থাকে শুধুমাত্র গঠনমূলক কাজ এবং সমাজ সংস্কারের ওপর।"
কল্যাণীর মতো শিক্ষিত এবং সচেতন শহরে RSS-এর এই প্রথম বুক স্টল কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। তবে প্রথম দিনেই যেভাবে ভিড় জমেছে, তাতে বইপ্রেমীদের আগ্রহ স্পষ্ট।
ভিডিওতে কী বললেন প্রচারক, দেখুন -

