সুখেন ঘোষ | আজকের রাজনীতি | নিজস্ব প্রতিবেদন | কল্যাণী ডেস্ক
জানা গিয়েছে, এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ অনুব্রত মণ্ডল সিউড়ির দলীয় কার্যালয়ে আসেন। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি সিউড়ি অফিসে এসেছিলেন বলে দলীয় সূত্রে খবর। তিনি দোতলার একটি ঘরে বসে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর আসার প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই মুখে গামছা বাঁধা তিন যুবক হাতে লাঠি ও বাঁশ নিয়ে অফিসে ঢোকে। নিচে অনুব্রত কোথায় আছে জানতে চায় তারা। তারপর সোজা দোতলায় উঠে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অনুব্রত চেয়ারে বসে আছেন। তাঁর সামনের কাঁচের টেবিলে এক যুবক লাঠি দিয়ে সজোরে আঘাত করছে। মুহূর্তে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেই “কাঁচের টুকরো ছিটকে অনুব্রত মণ্ডল সামান্য আহত হন বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুধু ভাঙচুর নয়, যুবকরা অনুব্রতকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। একজনের কলার ধরেও শাসাতে দেখা যায়। ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, "সিউড়িতে যেন আর না দেখি" এবং "১৫ বছরের অত্যাচারের হিসাব নেব"। আরেকজন বলে, "আমরা রাজমিস্ত্রির কাজ করে খাই, আমাদের এই অবস্থার জন্য তুমি দায়ী।"
গোটা সময় অনুব্রত চেয়ার ছেড়ে ওঠেননি। তাঁকে বলতে শোনা যায়, "কে তোমরা? আমি কী ক্ষতি করেছি ভাই?"
প্রায় ২০ মিনিট ধরে এই তাণ্ডব চলার পর যুবকরা অফিস থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়েই তারা 'জয় শ্রীরাম' স্লোগান দেয় বলে অভিযোগ। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনজনকে আটক করে। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুণ্ডেশ জানিয়েছেন, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনার পর পুলিশি নিরাপত্তায় অনুব্রত সিউড়ি থেকে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরে যান। তিনি সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি।
“ঘটনার নেপথ্যে কী কারণ ছিল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। পুলিশি তদন্তে ঘটনার পূর্ণ কারণ ও পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে।”
ডিসক্লেমার: প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত। ভিডিওটির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।”

