সুখেন ঘোষ , আজকের রাজনীতি | ২ অক্টোবর, ২০২৬, রাত ৯:৩০
উত্তর ২৪ পরগনার বিরাটির বণিক মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় SFI-র পূর্ব নির্ধারিত জনসভায় হামলার অভিযোগে উত্তেজনা ছড়াল। ঘটনায় এক ছাত্রের চোখে গুরুতর আঘাত লেগেছে বলে অভিযোগ। ঘটনার পর গাড়ি থেকে SOS লাইভ করে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন SFI-র সর্বভারতীয় নেত্রী দীপশিতা ধর।
ঠিক কি ঘটেছিল?
স্থানীয় সূত্র ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের বেলা বণিক মোড়ে লাল কাপড়ে মোড়া অস্থায়ী মঞ্চ তৈরি করে SFI-র বিরাটি পূর্ব লোকাল কমিটির সম্মেলন উপলক্ষে জনসভা চলছিল। সেই সময় আচমকা একদল দুষ্কৃতী মঞ্চে উঠে বাঁশ, চেয়ার, ফ্লেক্স ভাঙচুর করে বলে অভিযোগ। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চের সাদা চাদর ছিঁড়ে ফেলা হচ্ছে, চেয়ার ভাঙা অবস্থায় পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ তুলেছেন উপস্থিত কর্মীরা।
SFI-র অভিযোগ, এই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আবার রিপাবলিক বাংলার একটি রিপোর্টে দাবি করা হয়েছে, মঞ্চ থেকে আপত্তিকর মন্তব্যের জেরে স্থানীয় জনতার ক্ষোভে এই বিক্ষোভ।
দীপশিতা ধর-এর বিস্ফোরক অভিযোগ - ভিডিও বার্তা থেকে:
গাড়িতে বসে করা ৫ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে দীপশিতা ধর বলেন,
"এটা খানিকটা SOS। আজ বিরাটির বণিক মোড়ে আমাদের একটি সভা হওয়ার কথা ছিল, যেখানে কমরেড সুজন চক্রবর্তী সহ ছাত্র নেতৃত্ব বক্তব্য রাখতেন। democratic country তে যা যা করতে হয়, permission থেকে সব করা হয়েছিল। পুলিশের কাছ থেকে সমস্ত permission নেওয়া হয়েছিল।"
তিনি আরও বলেন, "বিজেপির সমস্যা হচ্ছে তাদের পায়ের তলায় মাটি নেই। তারা এখন physical violence এর ট্যাকটিস নিয়েছে। বণিক মোড়ে এই মুহূর্তে আমাদের দুজন ছাত্রী কমরেডের উপর আক্রমণ হয়েছে। একজন ছাত্র কমরেডের চোখে এমনভাবে আক্রমণ করা হয়েছে যে চোখে damage হয়েছে, সে হাসপাতালে রয়েছে।"
মাইক ব্যবসায়ীকে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর হুঁশিয়ারি, "মাইক না দিলে খালি গলাতেই মিটিং হবে, কিন্তু মিটিং বণিক মোড়েই হবে।"
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, "For the last time I am not appealing, I am asking you to do your duty। আপনাদের কাজ ল এন্ড অর্ডার মেনটেন করা।"
তিনি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকেও নিশানা করেন।
আহত কারা?
কলকাতা নিউজের একটি ব্রেকিং গ্রাফিক্স অনুযায়ী, হামলা ঠেকাতে গিয়ে বেশ কয়েকজন মহিলা কর্মী আক্রান্ত হন। সোশ্যাল মিডিয়ায় দাবি, গরিব ছাত্রদের পড়ানো, টিউশনি করা ছাত্রছাত্রীরাই এই হামলার শিকার।
পুলিশ কি বলছে?
এখনও পর্যন্ত নিমতা থানার তরফে সরকারি ভাবে কোনও বিবৃতি আসেনি। তবে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। SFI-র তরফে জানানো হয়েছে, সমস্ত বাধা সত্ত্বেও আজ রাতেই বণিক মোড়ে সভা হবেই।
(তথ্য সূত্র: ফেসবুক লাইভ, ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের পোস্ট)

