নিজস্ব প্রতিবেদন, সুখেন ঘোষ, কল্যাণী টিভি ও আজকের রাজনীতি, কল্যাণী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বন্দে মাতরম বিতর্ক, ‘আজাদি’ স্লোগান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। সম্প্রতি কল্যাণী টিভি-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করেন।
সাক্ষাৎকারটি নিয়েছেন কল্যাণী টিভি ও আজকের রাজনীতির সম্পাদক সুখেন ঘোষ।
বন্দে মাতরম নিয়ে কী বললেন হিমগ্নরাজ?
সম্প্রতি সংসদে বন্দে মাতরম গান নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে হিমগ্নরাজ ভট্টাচার্য বলেন, বিজেপি এই গানটিকে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
তিনি বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গান যখন রচিত হয়েছিল, তখন লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দু-মুসলিম নির্বিশেষে বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে এই গান গেয়েই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যে গান একসময় ঐক্যের প্রতীক ছিল, আজ সেই গানকেই রাজনৈতিক স্বার্থে বিভাজনের কাজে লাগানোর চেষ্টা করছে বিজেপি।
তার কথায়, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করাই এখন শাসক দলের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
‘আজাদি’ স্লোগান নিয়ে আপত্তি কেন? প্রশ্ন ডিওয়াইএফআই নেতার
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘আজাদি’ স্লোগান তোলা নিয়ে বিজেপির আপত্তি প্রসঙ্গেও সরব হন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, দেশের স্বাধীনতার পক্ষে বা সাধারণ মানুষের মুক্তির দাবিতে যদি কেউ ‘আমাদের আজাদি চাই’ স্লোগান তোলে, তাহলে তাতে বিজেপির আপত্তি কোথায়?
তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা সংগ্রামে কোনোদিন বিন্দু পরিমাণ অংশগ্রহণ করেনি, ইতিহাসে যাদের কোনো ভূমিকা নেই, আজ তারাই এই আজাদি শব্দটি শুনলেই ক্ষ্যাপা ষাঁড়ের মতো ক্ষেপে ওঠে। আসলে তারা ভয় পায়। কারণ এই স্লোগান সাধারণ মানুষের অধিকার এবং মুক্তির কথা বলে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় ও গাজা বিতর্ক প্রসঙ্গে
সাম্প্রতিক সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং গাজা ইস্যু নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাব দেন এই বাম যুব নেতা।
তিনি বলেন, যেখানে মতাদর্শগতভাবে বা যুক্তির দ্বারা লড়াই করা যায় না, মানুষকে বুঝিয়ে নিজেদের পক্ষে আনা যায় না, সেখানেই মিথ্যা অপবাদ আরোপের আশ্রয় নেওয়া হয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, এশিয়ার অন্যতম সেরা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও এই বিশ্ববিদ্যালয়ের স্থান অনেক উপরে। কিন্তু সেখানে আরএসএস বা বিজেপির মতাদর্শের কোনো স্থান নেই এবং তাদের ঘৃণার রাজনীতি চর্চা করতে না পারার ক্ষোভ থেকেই বারবার বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এবিভিপি ও দক্ষিণপন্থী রাজনীতির তীব্র সমালোচনা
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র বিভিন্ন মন্তব্য ও হুঁশিয়ারির তীব্র সমালোচনা করেন হিমগ্নরাজ ভট্টাচার্য।
তিনি বলেন, দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসগুলোকে যারা ঘৃণার রাজনীতির আখড়ায় পরিণত করতে চেয়েছিল, তারা বিন্দুমাত্র সফল হতে পারেনি। ছাত্র সমাজ তাদের প্রত্যাখ্যান করেছে।
বামপন্থীদের কবর দেওয়ার যে দিবাস্বপ্ন বিজেপি দেখছে, তার জবাবে তিনি বলেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে, হিটলার বা মুসোলিনির মতো স্বৈরাচারীরাও বামপন্থীদের শেষ করতে পারেনি। তাই বর্তমান শক্তিগুলোও সফল হবে না। বামপন্থা মানুষের অধিকারের লড়াই, তাকে শেষ করা যায় না।
সবশেষে তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, বেকারত্ব, জিনিসপত্রের দাম বৃদ্ধির মতো আসল সমস্যাগুলো থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই শাসক দল এই ধরনের মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি করছে।
ভিডিও সৌজন্য: কল্যাণী টিভি
প্রতিনিধি : সুখেন ঘোষ,আজকের রাজনীতি

